spot_img

ইসরায়েলে নেতানিয়াহুকে হটানোর ছক, নতুন কৌশল আইজেনকোটের

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে এবার নতুন কৌশল নিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলেও সরকার গঠনের প্রস্তাব ভোটে তোলার পরিকল্পনা করছেন তিনি। প্রয়োজনে সংখ্যালঘু সরকার গঠন করে ক্ষমতায় আসতে চান আইজেনকোট। এ ক্ষেত্রে জোটের বাইরে থেকে আরব দল রা’আমের সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে তাকে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করতে না পারলেও তার প্রস্তাবিত মন্ত্রিসভা পার্লামেন্টে ভোটের জন্য তুলতে চান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসরায়েলি গণমাধ্যম এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইজেনকোট চান, তার প্রস্তাবিত সরকার নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হোক। এর আগে তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সরকার গঠনের দায়িত্ব ফিরিয়ে দিতে রাজি নন। এমনকি সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নেতানিয়াহুর বিরোধী দলগুলোকে নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করবেন তিনি।’

প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনার ভিত্তি হলো—আরব দল রা’আম আনুষ্ঠানিকভাবে জোট গঠনের আলোচনায় অংশ না নিলেও বাইরে থেকে সরকারকে সমর্থন দেবে।

মূলত সংখ্যালঘু সরকার বলতে এমন সরকারকে বোঝায়, যার পক্ষে থাকা দলগুলোর আসনসংখ্যা ১২০ সদস্যের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসনের কম। এ ধরনের সরকারকে অনুমোদন পেতে জোটের বাইরের দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হয়।

ওয়াইনেট জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে অথবা অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে এই বিকল্প পরিকল্পনা বিবেচনা করছেন আইজেনকোট।

তবে রা’আম এ ধরনের সরকারকে সমর্থন দিতে রাজি হয়েছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

বিরোধী জোট চেঞ্জ ব্লকের নেতা আইজেনকোটকে গত ৮ নভেম্বর নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

সরকার গঠনের জন্য দায়িত্ব পাওয়ার দিন থেকে আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এই সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। তবে পরবর্তী সরকারে কোন দল থাকবে, তা নিয়ে পার্লামেন্টের বিভিন্ন জোটের মধ্যে মতবিরোধ এখনো চলছে।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ার কাছে হেরে চাপে আর্জেন্টিনা

২০২৬ কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে গ্রুপ ‘সি’ থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ