২০২৬ কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে গ্রুপ ‘সি’ থেকে পরের পর্বে ওঠার পথ কঠিন করে ফেলেছে ডিয়েগো প্লাসেন্তের দল। শেষ ষোলোয় (রাউন্ড অব ৩২) জায়গা করে নিতে হলে বাকি দুই ম্যাচে পয়েন্ট অর্জনের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও। খবর টিওয়াইসি স্পোর্টসের।
প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে তুলনামূলক ভালো খেললেও একের পর এক গোলের সুযোগ নষ্ট করে তারা। অন্যদিকে রক্ষণ সামলে পাল্টা আক্রমণে বিপজ্জনক হয়ে ওঠে অস্ট্রেলিয়া।
ম্যাচের শুরুতেই আকোল আকনের নেয়া একটি শট আর্জেন্টাইন ডিফেন্ডার আলভারো গুইচের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এরপর আকোল আকন নিজেই আরেকটি গোল করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন।
ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা আর্জেন্টিনার বেনহামিন ভায়েহো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার সামনে এখন বাকি দুই প্রতিপক্ষ মোজাম্বিক ও ডেনমার্ক। পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে এই দুই ম্যাচ থেকেই পয়েন্ট আদায়ের চেষ্টা করবে দলটি।
আর্জেন্টিনার লক্ষ্য বাকি দুই ম্যাচে জয় তুলে নিয়ে মোট ৬ পয়েন্ট অর্জন করা। এতে পরের পর্বে ওঠার সম্ভাবনা অনেকটাই বাড়বে। তবে চূড়ান্ত অবস্থান নির্ভর করবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর।
এমনকি অস্ট্রেলিয়া ও ডেনমার্কের সঙ্গে তিন দলের পয়েন্ট ৬ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সে ক্ষেত্রে মোজাম্বিকের বিপক্ষে অস্ট্রেলিয়া ও ডেনমার্ক দুই দলই জয় পেলে এবং ডেনমার্ক অস্ট্রেলিয়াকে হারালে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
অন্যদিকে একটি জয় ও একটি ড্র পেলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৪। তাতেও গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে জায়গা করে নেয়া কিংবা সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ থাকবে। তবে ৪ পয়েন্ট পেলেই যে নিশ্চিতভাবে পরের পর্বে খেলা যাবে, এমন নিশ্চয়তা নেই।
ঘুরে দাঁড়ানোর প্রথম সুযোগ আগামী রোববার। সেদিন মোজাম্বিকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে দলটি।

