spot_img

বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে এসে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

অবশ্যই পরুন

চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে জীবনের নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন চীনের এক দম্পতি। ইন্দোনেশিয়া থেকে তুরস্কে ভ্রমণের সময় এক তুর্কি পরিবারের সঙ্গে পরিচয় তাদের জীবন বদলে দিয়েছে। ওই পরিবারের আতিথেয়তা, আন্তরিকতা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করেছেন আট বছরের দাম্পত্য জীবনের এই দম্পতি। ইসলাম গ্রহণের পর ইসলামী রীতিতে নতুন করে বিয়েও করেছেন তারা।

প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন মোইয়ান সং ও লুওশি শু। বিভিন্ন দেশের সংস্কৃতি ও মানুষের জীবনযাপন কাছ থেকে জানার উদ্দেশ্যে শুরু হয় তাদের এই যাত্রা। প্রথম গন্তব্য ছিল ইন্দোনেশিয়া। সেখানে মুসলমানদের আতিথেয়তা ও সুন্দর আচরণ তাদের মনে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি করে।

ভ্রমণের একপর্যায়ে তুরস্কের আনতালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে পরিচয় হয় অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে। ভাষাগত ভিন্নতা থাকলেও ইংরেজি ও অনুবাদ অ্যাপের সাহায্যে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তুর্কি দম্পতি চীনা পর্যটকদের নিজেদের বাড়িতে ঐতিহ্যবাহী তুর্কি নাশতার আমন্ত্রণ জানান।

আড্ডার সময় ইসলাম সম্পর্কে চীনা দম্পতির নানা প্রশ্ন শুনে তাদের একটি পবিত্র কোরআনের কপি উপহার দেন আয়সেল। বইটি তাদের চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলে। এরপর ইসলাম সম্পর্কে আরও জানার আগ্রহ তৈরি হয় তাদের মধ্যে।

চীনে ফিরে যাওয়ার পর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন মোইয়ান সং ও লুওশি শু। তবে যে শহরে তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ পরিচয় ঘটেছিল, সেখানেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তারা। এ জন্য আবারও তুরস্কের আনতালিয়ায় ফিরে আসেন।

পরে আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে ওই তুর্কি পরিবারের উপস্থিতিতে একজন ইমামের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন এই দম্পতি। ইসলাম গ্রহণের পর মোইয়ান সং নিজের নাম রাখেন মুহাম্মদ মুরাদ। তার স্ত্রী লুওশি শু নতুন নাম গ্রহণ করেন লায়লা বাতুল।

শুধু ধর্মান্তরই নয়, আট বছর আগে হওয়া তাদের বিয়েও নতুন করে ইসলামী রীতিতে সম্পন্ন করা হয়। কাজি মুহাম্মদ কুশুক তাদের বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন।

বর্তমানে নতুন জীবনে মানসিক প্রশান্তি অনুভব করছেন বলে জানিয়েছেন এই দম্পতি। ইসলাম সম্পর্কে আরও জানার জন্য চীনা ভাষায় অনূদিত বিভিন্ন ইসলামী বই পড়ছেন তারা।

এদিকে, তুরস্কে আকস্মিক পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক এখন দুই পরিবারের মধ্যে পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে। বিশ্বভ্রমণে বেরিয়ে অচেনা এক পরিবারের আতিথেয়তা থেকে শুরু হওয়া এই ঘটনা শেষ পর্যন্ত চীনা দম্পতির জীবনে নিয়ে এসেছে নতুন অধ্যায়। সূত্র: তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সি।

সর্বশেষ সংবাদ

শ্রমিকদের বৈধকরণ ও বাণিজ্য সম্প্রসারণে একমত বাংলাদেশ-জর্ডান

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও জর্ডান। একইসঙ্গে অনিবন্ধিত কর্মীদের বৈধকরণসহ শ্রমিকদের বিভিন্ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ