পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘কারাগার থেকে আমি হয়তো জীবিত ফিরতে পারব না’। একই সঙ্গে স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি।
আইনজীবী সালমান সাফদারের প্রকাশ করা এক চিঠিতে ইমরান খান এসব অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরেন। চিঠিতে তিনি লেখেন, ৭৪ বছর বয়সে দীর্ঘদিনের কারাবাস তাকে এমন অবস্থায় নিয়ে গেছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসা সম্ভব হবে না।
তবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কর্তৃপক্ষের দাবি, প্রতি সপ্তাহে চিকিৎসকেরা ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। তাদের ভাষ্য, তার শারীরিক অবস্থা সন্তোষজনক।
ইমরান খানের বিরুদ্ধে ১০০টির বেশি মামলা রয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। গত বছর দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে তার স্ত্রী বুশরা বিবিকেও কারাগারে পাঠানো হয়। তবে ইমরান খানের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে।
গত এক বছরে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষ সময়মতো চিকিৎসার ব্যবস্থা না করায় ডান চোখের বেশির ভাগ দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। চিঠিতে ইমরান খান জানান, চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার উচ্চ ঝুঁকির কথা জানিয়েছেন। তার হৃদ্যন্ত্রও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা সরে যায়। এরপর গোপনে তার অস্ত্রোপচার করা হয়। পুনরায় অস্ত্রোপচার না করালে তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান।
চিঠিতে বিচারব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, অসংখ্য মামলায় আইনি লড়াই চালিয়ে গেলেও ন্যায়বিচার পাচ্ছেন না। তার ভাষায়, আইনি লড়াই থেকে কখনো সরে না এলেও বিচারব্যবস্থা তাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে।
ইমরান খানের অভিযোগ, তাকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত একা একটি কক্ষে রাখা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা, বই পড়া কিংবা টেলিভিশন দেখার সুযোগও দেওয়া হয় না। এতে তার মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। গত এক বছরে আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার দেখা করার সুযোগ পেয়েছেন বলেও চিঠিতে দাবি করেন তিনি।
ইমরান খান লেখেন, বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তার দাবি, কারাগারে ইমরান খানকে খাবারসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি নিজের পছন্দের খাবারও পাচ্ছেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে পাকিস্তানের কারাগারে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া বন্দি হলেন ইমরান খান।
পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহ আগে চোখে ইনজেকশন দেওয়ার জন্য ইমরান খানকে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান।
ইমরান খান পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের মে মাসে তার গ্রেপ্তারের পর দেশজুড়ে সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তা সহিংস রূপ নেয়। লাহোরে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এসব সহিংসতায় অন্তত আটজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব এখনো রয়েছে। গত অক্টোবরের শুরুতে তার হাজার হাজার সমর্থক কয়েক দিন ধরে পদযাত্রা করেন। তাদের প্রধান দাবি ছিল, ইমরান খানকে মুক্তি দিতে হবে। পরে বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নেয় পাকিস্তানের কর্তৃপক্ষ। তার দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়।
এদিকে, গত কয়েক মাসে পাকিস্তানের সাবেক কয়েকজন ক্রিকেট অধিনায়ক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, কারাবন্দি ইমরান খানকে যেন যথাযথ চিকিৎসা দেওয়া হয়। সূত্র: দ্য টাইমস, বিবিসি

