spot_img

ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল মরক্কো, শীর্ষ পাঁচে প্রথম আরব দেশ

অবশ্যই পরুন

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি। এর মধ্য দিয়ে আরব ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশ জায়গা করে নিল বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে। অন্যদিকে এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমে গেছে মিসর।

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ১ হাজার ৮০৯ দশমিক ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মরক্কো। আফ্রিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়েছে তারা। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিল নাইজেরিয়া। আফ্রিকার আর কোনো দেশ এখন পর্যন্ত এই অবস্থানে পৌঁছাতে পারেনি।

আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে নাইজারের বিপক্ষে ১-০ গোলের জয় মরক্কোর পয়েন্ট বাড়াতে ভূমিকা রেখেছে। পাশাপাশি পর্তুগাল ও ব্রাজিলের পয়েন্ট কমে যাওয়ায় তাদেরও পেছনে ফেলেছে মরক্কো। ১ হাজার ৮০১ দশমিক ২৮ পয়েন্ট নিয়ে পর্তুগাল ষষ্ঠ এবং ১ হাজার ৮০০ দশমিক ৯১ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে সপ্তম স্থানে।

অন্যদিকে মালাউইয়ের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে গোলশূন্য ড্রয়ের খেসারত দিতে হয়েছে মিসরকে। ৮ দশমিক ৯৮ পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়ে ২৬তম স্থানে নেমেছে দলটি। তাদের বর্তমান পয়েন্ট ১ হাজার ৫৮০ দশমিক ৪৯। তবে আফ্রিকার দেশগুলোর মধ্যে মরক্কো ও সেনেগালের পর তৃতীয় এবং আরব দেশগুলোর মধ্যে মরক্কোর পর দ্বিতীয় স্থানে রয়েছে মিসর।

আরব দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে আলজেরিয়া। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২৮তম। এ ছাড়া সৌদি আরব ৫৪তম, তিউনিসিয়া ৫৯তম, কাতার ৬০তম, ইরাক ৬৩তম, সংযুক্ত আরব আমিরাত ৬৭তম এবং জর্ডান রয়েছে ৭২তম স্থানে। ওমান ৮০তম, সিরিয়া ৮৮তম, ফিলিস্তিন ৯২তম ও বাহরাইন রয়েছে ৯৭তম স্থানে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারলেও ২ হাজার ৪ দশমিক ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। ১ হাজার ৯৬৬ দশমিক ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ১ হাজার ৯৫০ দশমিক ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফ্রান্স।

স্পেনকে হারিয়ে ১ হাজার ৯৩৮ দশমিক ৯০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। শীর্ষ দশে বাকি দলগুলোর মধ্যে অষ্টম স্থানে বেলজিয়াম, নবম স্থানে নেদারল্যান্ডস এবং দশম স্থানে রয়েছে কলম্বিয়া।

সর্বশেষ সংবাদ

বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে এসে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে জীবনের নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন চীনের এক দম্পতি। ইন্দোনেশিয়া থেকে তুরস্কে ভ্রমণের সময় এক তুর্কি...

এই বিভাগের অন্যান্য সংবাদ