spot_img

সমাধিসৌধে যে সেনার ধমক খেয়েছিলেন, পদক দিয়ে তাকেই পুরস্কৃত করলেন হেগসেথ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিয়ম ভঙ্গের কারণে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সফরসঙ্গীদের নীরব থাকার নির্দেশ দিয়েছিলেন এক সেনাসদস্য। এবার দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে সেই সেনাকেই বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করেছেন হেগসেথ।

গত বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভেটেরানস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দেশটির অন্যতম পবিত্র যুদ্ধস্মারক ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’-এর সামনে দাঁড়িয়ে হেগসেথ, তাঁর স্ত্রী ও জ্যেষ্ঠ উপদেষ্টারা হাসাহাসি করে কথা বলছিলেন এবং ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন।

এ সময় সমাধিসৌধের পাহারায় নিয়োজিত সেনাসদস্য স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াস তাঁদের কাছে গিয়ে নীরবতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। তিনি সবাইকে সমাধিস্থলের মর্যাদা রক্ষার বিষয়টি স্মরণ করিয়ে দেন।

এ ঘটনার পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, ‘টুম্ব অব দ্য আননোন সোলজারে’ যথাযথভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ থমাস ইগলেসিয়াসকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

হেগসেথের নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি নিজেই ইগলেসিয়াসের বুকে পদক পরিয়ে দিচ্ছেন। এ সময় ‘ওল্ড গার্ড’ নামে পরিচিত তৃতীয় মার্কিন ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশনে হেগসেথ লেখেন, আমরা সেনাদের ভালোবাসি। আমরা নিয়ম ও শৃঙ্খলাকে ভালোবাসি। সাবাশ স্পেশালিস্ট। এগিয়ে চলো দেশপ্রেমিকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইগলেসিয়াস কড়া পদক্ষেপে হেগসেথের সফরসঙ্গীদের দিকে এগিয়ে গিয়ে উচ্চকণ্ঠে বলেন, সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির নিয়ম অনুযায়ী, দর্শনার্থীদের সেখানে ধীর ও নিচু স্বরে কথা বলতে হয়। অসম্মানজনক বা বিশৃঙ্খল আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা মার্কিন সেনার স্মরণে নির্মিত ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’ যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র জাতীয় স্মৃতিসৌধ।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, ভেটেরানস ডে উদযাপনের সময় ওই সেনাসদস্য অত্যন্ত যথাযথ ও সম্মানজনকভাবে সবাইকে শিষ্টাচার বজায় রাখার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রী ও পুরো প্রতিরক্ষা দপ্তর দেশের নিরাপত্তায় আত্মত্যাগকারী সেনাসদস্যদের সব সময় সম্মান জানায়।

১৯৪৮ সাল থেকে তৃতীয় ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা এই সমাধিসৌধ পাহারা দিয়ে আসছেন। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, সমাধিস্থলে আচরণবিধি লঙ্ঘনকারী দর্শনার্থীদের সতর্ক করা প্রহরীদের নিয়মিত দায়িত্বের অংশ। দিনে একাধিকবার তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

এর আগে ভেটেরানস ডে উপলক্ষে সমাধিসৌধে বার্ষিক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প ইরান যুদ্ধে তাঁর প্রশাসনের কথিত সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের কাজেরও প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা নাকচ হয়ে যায়। এ উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে অভিহিত করেন হেগসেথ।

সর্বশেষ সংবাদ

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়ন এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ