spot_img

ইরান যুদ্ধ চায় না, তবে সার্বভৌমত্ব রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করবে: আরেফ

অবশ্যই পরুন

ইরান যুদ্ধ চায় না, তবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় সর্বশক্তি দিয়ে লড়াই করবে বলে জানিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া সাম্প্রতিক দুটি যুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানিয়ান রিসার্চ অর্গানাইজেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অবস্থিত বিভিন্ন জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান পরিদর্শনকালে আরেফ দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রতিরোধ শক্তি বাড়াতে এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ সক্ষমতা শক্তিশালী করা এবং প্রতিপক্ষের মোকাবিলায় কৌশলগত সুবিধা অর্জনের জন্য উন্নত প্রযুক্তির বিকাশে আরও বেশি গুরুত্ব দিতে হবে। শান্তি প্রতিষ্ঠিত হোক কিংবা না হোক, শত্রুরা তাদের বৈরী অবস্থান অব্যাহত রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, তেহরান যুদ্ধ চায় না। তবে নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় সব সক্ষমতা দেশটির রয়েছে। তাই রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি যা-ই হোক না কেন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের কার্যক্রম পূর্ণ উদ্যমে চালিয়ে যেতে হবে।

সাম্প্রতিক দুটি যুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে আরেফ বলেন, ওই সময় ইরানের তরুণ বিজ্ঞানীরা সম্মুখসারির যোদ্ধাদের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয় ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রেখেছে।

এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইরানের মহাকাশ ও বিমানবাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি। আরেফ বলেন, ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি কেন মহাকাশ ও বিমানশিল্পকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তা এখন আরও স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, গত দুটি যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে, উন্নত প্রযুক্তিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ কীভাবে একটি দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করতে পারে। এ কারণে ইরানের জাতীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অর্জন সংরক্ষণের পাশাপাশি কৌশলগত খাতগুলোতে বিনিয়োগ অব্যাহত রাখা জরুরি। ইরনা

সর্বশেষ সংবাদ

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) শুরুর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ