‘রেহানা মরিয়ম নূর’ বানিয়ে তাক লাগিয়েছিলেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। দীর্ঘ পাঁচ বছর পর নিয়ে আসছেন সিরিজ ‘অ্যানি’। গেল জুনেই এই সিরিজের খবর দিয়েছেন। সে সময় সিরিজটি জার্মানির বিখ্যাত ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ জায়গা করে নিয়েছিল।
এবার সুইজারল্যান্ডে বাজিমাত করল ‘অ্যানি’। ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা সিরিজ’ হয়েছে এটি। রোববার (৮ নভেম্বর) উৎসবের সমাপনী দিনে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ফেসবুকে সুখবরটি জানিয়েছেন সিরিজটির নাম চরিত্রের অভিনেত্রী নাজিফা তুষি। তিনি জানান, উৎসবে ‘ফিউচার ইজ সেনসিবল’ পুরস্কার জিতেছে ‘অ্যানি’।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তুষি বলেন, “জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিউচার ইজ সেনসিবল’ বিভাগটি আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এই বিভাগে এমন সব গল্পকে উদ্যাপন করা হয়, যেগুলো কেবল বিনোদন দেয় না; বরং মানবিক মূল্যবোধ তুলে ধরে, নানা প্রশ্নের জন্ম দেয় এবং আমরা যে পৃথিবীতে বাস করছি ও যে ভবিষ্যৎ গড়ে তুলছি, তা নিয়ে ভাবতে শেখায়। এমন একটি বিভাগে ‘অ্যানি’র স্বীকৃতি পাওয়া আমার কাছে অত্যন্ত বিশেষ অনুভূতির।”
সিরিজটিতে অভিনয়ের অভিজ্ঞতাও জানালেন তুষি। তার ভাষ্য, ‘অ্যানি হয়ে ওঠার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। একটা সময়ের পর মনে হতো না, যে আমি কেবল একটি চরিত্রে অভিনয় করছি; বরং অ্যানি যেন এমন একজন মানুষ, যাকে আমি ধীরে ধীরে চিনে উঠছি। তার নীরবতা, আবেগ, দুর্বলতা ও শক্তির জায়গাগুলো খুঁজে বের করতে হয়েছে আমাকে। কিছু দিন ছিল, যখন তাকে বুঝতে গিয়ে নিজের কিছু অংশকেও পেছনে ফেলে আসতে হয়েছে। আবার কিছু দিন তার মধ্য দিয়েই নিজের সম্পর্কে নতুন কিছু আবিষ্কার করেছি। অ্যানি আমাকে এমনভাবে বদলে দিয়েছে, যার প্রভাব আমি এখনো বুঝে উঠছি। একজন অভিনেতা হিসেবে সব সময়ই আশা থাকে, একটি চরিত্রের পেছনে দেওয়া সময়, ধৈর্য, আবেগ এবং নিজের সত্তার যে অংশটুকু উজাড় করে দেওয়া হয়, তা একদিন দর্শকের হৃদয়েও পৌঁছাবে। আজকের এই স্বীকৃতি পুরো যাত্রাটিকে আরও বেশি সার্থক করে তুলেছে। ইশ্, অ্যানি যদি জানতে পারত, সে কত দূর পথ পাড়ি দিয়েছে!’
পুরস্কার জয়ে উৎসবের জুরি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তুষি। ধন্যবাদ জানিয়েছেন সিরিজের নির্মাতা সাদসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।
আর সবশেষে অ্যানিকে নিয়ে তুষি বললেন, ‘কিছু চরিত্র কখনোই পুরোপুরি ছেড়ে যায় না। অ্যানি, আমার মনে হয় তুমি অনেক অনেক দিন আমার সঙ্গে থেকে যাবে।’
‘অ্যানি’তে তুষির সঙ্গে আরো আছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু প্রমুখ। এটি মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

