spot_img

নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন আইজেনকোট

অবশ্যই পরুন

ইসরায়েলের নতুন জোট সরকার গঠনের জন্য বিরোধী দলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সম্প্রতি অনুষ্ঠিত পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন দল কিংবা আইজেনকোটের জোট-কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান।

দায়িত্ব পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আইজেনকোট বলেন, “দেশ এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের দাবি রাখে। আমরা যেন এই গুরুদায়িত্ব পালনে যোগ্যতার পরিচয় দিতে পারি, সে জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।”

আইন অনুযায়ী, নতুন প্রশাসন ও মন্ত্রিসভা গঠনের জন্য আইজেনকোট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্ট এই মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর এখতিয়ার রাখেন।

ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে কখনোই কোনো একক দল পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি; ফলে সব সময়ই জোট সরকার গঠনের ওপর নির্ভর করতে হয়। এবারের ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী লিকুদ পার্টি এবং তাঁর সমমনা অতি-ডান ও আল্ট্রা-অর্থোডক্স ইহুদি মিত্ররা যৌথভাবে ৫৩টি আসনে জয় পায়। বিপরীতে, আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টি এবং তাঁর বিরোধী জোটের বাকি তিনটি দল মিলে পেয়েছে ৪৮টি আসন।

তবে এবারের নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে দেশটির দুটি আরব-নেতৃত্বাধীন জোট—ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্ট। আরব ভোটারদের অভূতপূর্ব উপস্থিতির ওপর ভর করে তারা যৌথভাবে ১৯টি আসনে জয়লাভ করে সরকার গঠনের সমীকরণে ‘কিংমেকার’ বা প্রধান প্রভাবক হিসেবে আবির্ভূত হয়েছে।

নির্বাচনের আগে একমাত্র একটি দল ছাড়া বাকি প্রায় সব ইহুদি রাজনৈতিক দলই আরব জোটগুলোর সঙ্গে সরকার গঠনে কাজ না করার ঘোষণা দিয়েছিল। তা সত্ত্বেও নবনির্বাচিত এমপিদের সুপারিশ ও মতামত পর্যালোচনার পর প্রেসিডেন্ট হারজোগ আইজেনকোটকেই সরকার গঠনের জন্য অধিক সম্ভাবনাময় বিবেচনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, পরামর্শক সভায় নেসেটের ৬৭ জন সদস্য আইজেনকোটকে এবং ৪৬ জন সদস্য নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী করার পক্ষে সুপারিশ জমা দেন। ইসরায়েলের আইন অনুযায়ী, কেবল সর্বাধিক আসন পাওয়া দলের প্রধানকেই ডাকতে হবে—এমন বাধ্যবাধকতা প্রেসিডেন্টের নেই; বরং যিনি জোট গঠনে সফল হওয়ার বেশি সম্ভাবনা দেখান, তাঁকেই তিনি আমন্ত্রণ জানাতে পারেন।

বিদ্যমান রাজনৈতিক সমীকরণে ইসরায়েলে সরকার গঠনের সামনে মূলত তিনটি পথ খোলা রয়েছে: নেতানিয়াহু ও আইজেনকোটের যৌথ সমন্বয়ে একটি ‘জাতীয় ঐক্য সরকার’, বিরোধী শিবির থেকে সংসদ সদস্য ভাঙিয়ে নেতানিয়াহুর নেতৃত্বে ডানপন্থী জোট, কিংবা আরব দলগুলোর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থনে আইজেনকোটের সরকার।

আইজেনকোটের শিবিরের একাংশ পূর্বে আরব দলগুলোকে সঙ্গে নেওয়ার বিরোধিতা করলেও বর্তমান অচলাবস্থা নিরসনে কোনো নমনীয় সমঝোতা হতে পারে বলে জল্পনা চলছে। এ ছাড়া আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালাতে পারেন আইজেনকোট, যদিও তা নীতিগত কারণে যথেষ্ট জটিল হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট হারজোগ পুনর্বার নির্বাচন এড়াতে এবং একটি স্থায়ী স্থিতিশীলতা আনয়নকল্পে সবাইকে নমনীয় হওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান বাস্তবতায় সব নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব নাও হতে পারে। উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নেতানিয়াহু ও বিরোধীদের মধ্যকার তীব্র রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ইসরায়েলকে পরপর পাঁচটি সাধারণ নির্বাচনের মুখোমুখি হতে হয়েছিল।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

চীনে শি চিনপিংয়ের ক্ষমতা আরও সংহত, উদ্ভাবনী অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

চীনের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছেন প্রেসিডেন্ট শি চিনপিং। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন ‘ফিফথ প্লেনাম’-এ দলীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ