spot_img

১ জানুয়ারি থেকে বিনা টিকিটে জাদুঘর ঘুরতে পারবে শিক্ষার্থীরা

অবশ্যই পরুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিনা টিকিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবে। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ কার্যক্রম শুরু হবে।

এ লক্ষ্যে শিক্ষার্থীদের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) নগর ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার নতুন সুযোগ তৈরি হবে। ইতিহাস ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, মানবিক ও সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

তিনি এ উদ্যোগে সহযোগিতার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শিক্ষা মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের কাছে তা যথাযথভাবে পৌঁছে দেওয়া সবার সম্মিলিত দায়িত্ব।

সমঝোতা স্মারক অনুযায়ী, শিক্ষার্থীদের যাতায়াত, পরিবহন ও খাবারের ব্যবস্থা করবে ডিএসসিসি। পাশাপাশি তাদের নিরাপত্তা ও সার্বিক সমন্বয়ের দায়িত্বও পালন করবে সংস্থাটি।

অন্যদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য গাইডেড ট্যুর, প্রদর্শনী পরিদর্শন, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করবে।

শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে অনগ্রসর পরিবারের সন্তান ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিকভাবে সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। পরে পর্যালোচনার ভিত্তিতে এর মেয়াদ ও কার্যক্রমের পরিধি বাড়ানো হতে পারে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ