spot_img

বন্ধ মিলগুলো উৎপাদনমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

বন্ধ বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিলগুলো পুনরায় চালু করে উৎপাদনমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব শিল্পকারখানা চালুর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস লিমিটেড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধ বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিল চালু করা সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে শিল্প খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের শিল্প খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠান কার্যকরভাবে চালু করা গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি শিল্প উৎপাদন বাড়বে এবং জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

চট্টগ্রামের আমিন জুট মিলস প্রসঙ্গে শরীফুল আলম বলেন, মিলটি কীভাবে পুনরায় উৎপাদনমুখী করা যায়, এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় এবং দেশের অর্থনীতিতে অবদান নিশ্চিত করা যায়, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, শিল্পকারখানাগুলোকে শুধু অবকাঠামোগত স্থাপনা হিসেবে দেখলে চলবে না। এগুলোকে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কার্যকর কেন্দ্রে পরিণত করতে হবে। এ জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, উৎপাদন সক্ষমতা এবং বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে কারখানাগুলো চালুর সম্ভাবনা পর্যালোচনা করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, যথাযথ পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে আমিন জুট মিলসসহ দেশের বন্ধ শিল্পকারখানাগুলোর সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। এতে শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার সুযোগ তৈরি হবে।

দেশের শিল্প খাতকে গতিশীল করা, বন্ধ কলকারখানার সম্ভাবনাকে কাজে লাগানো এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়াই সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং আমিন জুট মিলসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী এবং দেশটির ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খেরসনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ