কুশাল মেন্ডিসের রেকর্ড গড়া ইনিংসে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। তবে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান।
সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে ১৮২ রান করেও ৪ উইকেটে হেরে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান তোলে ২১৫ রান। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ৮২ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।
শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে কুশাল মেন্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
দলের জয়ে বড় অবদান রাখেন কুশাল মেন্ডিস। ৪৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের পথে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হওয়ার কীর্তি গড়েন মেন্ডিস।
এর আগে ২ হাজার ৭৮৪ রান নিয়ে তালিকার শীর্ষে ছিলেন পাথুম নিশাঙ্কা। তাঁকে ছাড়িয়ে মেন্ডিসের সংগ্রহ এখন ২ হাজার ৭৯১ রান।
শ্রীলঙ্কার জয়ে অপরাজিত ৪০ রান করেন কামিন্দু মেন্ডিস। ২৭ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল। অন্যদিকে, সিনেথ জয়াবর্ধনে করেন ২৬ বলে ২৮ রান।

