spot_img

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনিশ্চিত নাহিদ রানা

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডানহাতি এই পেসারের চোটের অবস্থা আজ-কালের মধ্যে মূল্যায়ন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই জানা যাবে, দুই টেস্টের সিরিজে তাকে পাওয়া যাবে কি না।

অক্টোবর-নভেম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের আগে রানার চোট নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশ দলকে।

চলতি বছর জিম্বাবুয়ে সফরে গ্রেড-২ পর্যায়ের সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন নাহিদ। সেই চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই পেসার। তবে চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলা হয়নি তার। পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে এবার নিতম্বের গ্লুট অঞ্চলে নতুন করে চোট পেয়েছেন তিনি। ফলে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেছেন নাহিদ।

নির্বাচক প্যানেলের এক সদস্য বলেন, ‘রানার চোটের অবস্থা আজ-কালকের মধ্যে মূল্যায়ন করা হবে। এরপরই তার চোটের বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে রানাকে পাওয়ার আশা করছেন নির্বাচকেরা। তবে দুই টেস্টেই তাকে পাওয়া যাবে, নাকি খেলতে পারবেন একটি তা নির্ভর করছে তার ফিটনেসের ওপর।

ওই নির্বাচক আরও বলেন, ‘আমরা আশা করছি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে পাওয়া যাবে। তবে দুই টেস্টেই খেলতে পারবে, নাকি শুধু একটিতে, সেটি এখনই বলা যাচ্ছে না। ফিটনেস ছাড়পত্রের ওপরই সবকিছু নির্ভর করছে।’

এদিকে রানার চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে বিসিবি। সংশ্লিষ্টদের ধারণা, চোটের স্থানে সিস্ট বা তরলপূর্ণ থলির মতো কিছু থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে প্রথমে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

রানার গ্লুট অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা ব্যথার প্রকৃত কারণ শনাক্ত করাই এখন বিসিবির প্রধান লক্ষ্য। সমস্যার উৎস জানা গেলে তার মাঠে ফেরার সম্ভাব্য সময়ও নির্ধারণ করা সহজ হবে।

প্রয়োজনে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কাতারের অ্যাসপেটার অর্থোপেডিক অ্যান্ড স্পোর্টস মেডিসিন হাসপাতালে পাঠানো হতে পারে এই পেসারকে। ক্রীড়াবিদদের চিকিৎসা ও পুনর্বাসনে বিশেষায়িত এই হাসপাতালটি বিশ্বজুড়ে পরিচিত।

সর্বশেষ সংবাদ

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়িত ঐতিহাসিক ওসমানী উদ্যান এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’...

এই বিভাগের অন্যান্য সংবাদ