রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে পাঠানো এক বার্তায় কিম জং উন রাশিয়া ও তার যুদ্ধ প্রচেষ্টার প্রতি উত্তর কোরিয়ার অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার কেসিএনএনএর বরাতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
কিম বলেন, দুই দেশের ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব’-এর আওতায় যৌথ সহযোগিতা আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা স্বার্থ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বিজয়ের মাধ্যমে শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন।
বার্তায় সরাসরি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কথা উল্লেখ করা হয়নি।
ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে আনুমানিক ১৪,০০০ থেকে ১৫,০০০ সেনা পাঠিয়েছে।
২০২৪ সালের জুনে পুতিন ও কিম একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পর উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক দ্রুত আরও ঘনিষ্ঠ হয়েছে।
সূত্র: রয়টার্স

