স্পেনে আবাসন সংকটকে কেন্দ্র করে চলমান তীব্র গণবিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার (৫ অক্টোবর) মাদ্রিদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন প্যালেস অব মনক্লোয়া থেকে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে এ কথা জানান তিনি। খবর সিএনএনের।
আগামী ২৯ নভেম্বর এই আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ভাষণে সানচেজ বলেন, ‘স্পেনের জনগণ নিজেদের এবং দেশের জন্য কী ধরনের ভবিষ্যৎ চান, তা নির্ধারণ করার উপযুক্ত সময় এখন এসে গেছে।’
স্পেনের আবাসন সংকট নিরসনে এবং ক্রমবর্ধমান জনরোষ কমাতে সানচেজ সরকারের পক্ষ থেকে দুটি জরুরি অধ্যাদেশ জারি করা হয়েছিল। কিন্তু পার্লামেন্টে আইন দুটি পাসে প্রয়োজনীয় সমর্থন আদায়ে ব্যর্থতার ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই নির্বাচনের ঘোষণা দিলেন সানচেজ।
উল্লেখ্য, দেশজুড়ে ছড়িয়ে পড়া তীব্র আবাসন সংকটের প্রতিবাদে গত কয়েক দিন ধরে হাজারও বিক্ষোভকারী রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থল পুয়ের্তা দেল সোলে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। স্পেনের অন্যান্য প্রধান শহরগুলোতেও বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

