পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার (২০ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।
প্রতিমন্ত্রী হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান। আলোচনায় বহুপাক্ষিকতা সমুন্নত রাখতে বাংলাদেশ ও কানাডা কীভাবে যৌথভাবে কাজ করতে পারে, তা উঠে আসে। তারা আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে উচ্চপর্যায়ের আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করে। এর মধ্যে তৈরি পোশাক খাতের বাইরে হালকা প্রকৌশল ও যন্ত্রপাতির মতো খাতে বৈচিত্র্য আনা এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
প্রতিমন্ত্রী কানাডায় বসবাসরত এক লাখের বেশি বাংলাদেশির অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।
অন্যদিকে, হাইকমিশনার মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের বিষয়ে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের বিষয়টি বিবেচনায় রেখে প্রতিমন্ত্রী জলবায়ু বিষয়ক নেতৃত্ব ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কানাডার সহায়তা কামনা করেন।
কানাডিয়ান হাইকমিশনার দুই দেশের মধ্যে কৃষিখাতে সহযোগিতার একটি কাঠামো তৈরির সম্ভাবনার কথা তুলে ধরেন এবং উভয় পক্ষ জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করে।

