spot_img

ইয়েমেনে সহিংসতা থেকে বাঁচতে ঘরছাড়া এক লাখের বেশি মানুষ: জাতিসংঘ

অবশ্যই পরুন

ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে চলমান সংঘাতে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সহিংসতা থেকে বাঁচতে হাজারো মানুষ এখন বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে জিবুতিতে আশ্রয়ের চেষ্টা করছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের পশ্চিম উপকূলজুড়ে দ্রুত বাড়তে থাকা সংঘাতের কারণে দেশটির অভ্যন্তরেই এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। একই সঙ্গে আরও হাজারো মানুষ নিরাপত্তার খোঁজে বাব এল-মান্দেব প্রণালি পেরিয়ে জিবুতিতে যাওয়ার ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন।

ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, চলমান সহিংসতা আরও বড় ধরনের মানবিক সংকট তৈরি করতে পারে। নতুন করে, মানুষ বাস্তুচ্যুত হওয়ায়, সীমিত সম্পদের ওপর চাপ বাড়ছে স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায়গুলোর।

সংস্থাটি জানিয়েছে, ইয়েমেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত পরিবারগুলোর জরুরি সহায়তার জন্য প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার নতুন অর্থায়ন প্রয়োজন। পাশাপাশি, জিবুতিতে পৌঁছানো মানুষদের সহায়তার জন্যও অতিরিক্ত অর্থের প্রয়োজন রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেক পরিবার খুব অল্প সময়ের মধ্যে ঘর ছেড়েছে এবং সঙ্গে নিতে পেরেছে সামান্য কিছু জিনিসপত্র। আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা ব্যবস্থা এখন সবচেয়ে জরুরি প্রয়োজন। কারণ আশ্রয়কেন্দ্র ও স্থানীয় সম্প্রদায়গুলোর ওপর চাপ ক্রমেই বাড়ছে।’

এদিকে, ইয়েমেনে অবস্থানরত ৬৫ হাজারের বেশি নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীও ঝুঁকির মধ্যে রয়েছেন। তাদের বেশিরভাগই সোমালিয়া ও ইথিওপিয়া থেকে আসা, যারা চলমান সংঘাতের কারণে নতুন করে নিরাপত্তাহীনতায় পড়েছেন।

ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুতির পরিস্থিতি তৈরি হয় যখন ইরানপন্থি হুতিরা দ্রুত অগ্রসর হয়ে দেশটির লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। এর মাধ্যমে তারা কৌশলগত বাব এল-মান্দেব প্রণালিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে চলাচল বাধাগ্রস্ত হওয়ার পর এটি বিকল্প গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

ইয়েমেনের দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের মধ্যে হুতি ও সরকারি বাহিনীর সংঘাত নতুন করে তীব্র হওয়ায় দেশটিতে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ