গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য রাশিদা তালিব।
গাজার একটি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলার খবর প্রকাশের পর রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান মিশিগানের ডেমোক্র্যাট প্রতিনিধি তালিব।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পোস্টে রাশিদা তালিব বলেন, ‘গাজায় গণহত্যা এখনও অব্যাহত রয়েছে। কোনো যুদ্ধবিরতিই কখনো কার্যকর হয়নি।’
ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা—এমন দাবি করে তিনি বলেন, ‘শিশুরা যুক্তরাষ্ট্রে তৈরি বোমায় নিহত হচ্ছে। আর যারা বেঁচে যাচ্ছে, তাদের অনেককেই আজীবন মানসিক ও মনস্তাত্ত্বিক ক্ষত বয়ে বেড়াতে হবে।’
তালিব আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে গাজায় চলমান ‘ভয়াবহ জাতিগত নিধনমূলক কর্মকাণ্ডে’ যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করতে হবে।
নিজের বক্তব্যের সঙ্গে একটি ভিডিওও প্রকাশ করেন রাশিদা তালিব। এতে গাজার একটি কিন্ডারগার্টেনে ইসরায়েলি বাহিনীর অভিযানের দৃশ্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই হামলার সময় গোলাগুলির মধ্যে প্রায় ২০০ শিশু ভবনটির ভেতরে আটকা পড়ে।
রাশিদা তালিব দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং এতে যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করে আসছেন। তিনি ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সহায়তা বন্ধেরও দাবি জানিয়ে আসছেন। পার্সটুডে

