ইন্টার মায়ামিকে জয় এনে দিতে পারলো না লিওনেল মেসি গোলও। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে ন্যাশভিল এসসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।
রোববার (১৩ সেপ্টেম্বর) ইন্টার মায়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
এই ম্যাচের আগে নিজেদের শেষ আট ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। ফলে ন্যাশভিলের বিপক্ষে শুরুটা ছিল তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যাচের মাত্র চার মিনিটেই গোল হজম করে বসে স্বাগতিকরা। মায়ামির রক্ষণ ভেঙে সাম সুরিজ বল পেয়ে সরাসরি শটে ন্যাশভিলকে এগিয়ে দেন।
গোল পাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে ন্যাশভিল। এর সুযোগ নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে মায়ামি। ১৯ মিনিটে মেসির নেওয়া কর্নার কিক ন্যাশভিলের রক্ষণে অস্বস্তি তৈরি করলে বল নিজেদের জালে পাঠিয়ে দেন রিড বেকার-হোয়াইটিং। ফলে সমতায় ফেরে মায়ামি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে মায়ামি। একাধিক ভালো সুযোগ তৈরি করলেও কিছু শট লক্ষ্যভ্রষ্ট হয়, আবার কয়েকটি ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক।
ম্যাচের মাঝামাঝি সময়ে শেষ পর্যন্ত এগিয়েও যায় মায়ামি। রদ্রিগো ডি পলের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর দূরপাল্লার শটে বল ন্যাশভিলের জালের কোনায় পাঠান মেসি। এতে লিড নেয় মায়ামি।
মনে হচ্ছিল, জয় নিয়েই মাঠ ছাড়বে মেসির দল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে সব হিসাব বদলে দেন সাম সুরিজ। শাকুর মোহামেদের ক্রস থেকে আসা বলে পা ছুঁইয়ে জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তাতে ২-২ সমতায় ফেরে ন্যাশভিল।
শেষ মুহূর্তে মায়ামিকে জয় এনে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ডি পল। তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে।
এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে ব্যর্থ হয়েছে ইন্টার মায়ামি। উল্টো টানা খারাপ ফর্মের কারণে মেসিদের আত্মবিশ্বাসেও পড়েছে চাপ। আগামী ১৬ সেপ্টেম্বর ক্যাম্পিওনেস কাপের ম্যাচে ক্রুজ আজুলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

