সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে কখনো টেস্ট খেলা হয়নি। এবার সেই সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আজ আনুষ্ঠানিকভাবে একমাত্র টেস্ট ম্যাচের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে একমাত্র টেস্ট ম্যাচের পর জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে এসিবি। নিজেদের হোম ম্যাচগুলো আমিরাতের বিভিন্ন ভেন্যুতে খেলে থাকে আফগানিস্তান।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বিপক্ষে টেস্টটি সংযুক্ত আরব আমিরাতের মাঠে খেলবে রশিদ খানরা। শুরু হবে আগামী ৯ অক্টোবর।
টেস্ট শেষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
১৯ অক্টোবর মুখোমুখি আফগানিস্তান-জিম্বাবুয়ে। অন্যদিকে ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। একবার করে পরস্পরের মুখোমুখি হওয়ার পর ফাইনাল ২৩ অক্টোবর।
ত্রিদেশীয় সিরিজ নিয়ে বিবৃতিতে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। বিভিন্ন সংস্করণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের মূল্যবান প্রতিযোগিতামূলক সুযোগ দেবে এবং আমাদের সমর্থকদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের একটি রোমাঞ্চকর সময় উপহার দেবে।’
প্রথমবার সংযুক্ত আরব আমিরাতে টেস্ট খেলা নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘টেস্ট ম্যাচ এবং ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশ ও আফগানিস্তান উভয় দেশের ক্রিকেট ভক্তদের জন্য রোমাঞ্চকর এক মুহূর্ত উপহার দেবে। টেস্ট ক্রিকেটকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই এবং সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেটের অভিজ্ঞতা আমাদের ক্রিকেটাররা প্রথমবার পাবে। এই কন্ডিশনে বরাবরই ভালো খেলে আফগানিস্তান। এই সফর এবং ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হবে। আন্তর্জাতিক ক্রিকেটের রুদ্ধশ্বাস কয়েকটি সপ্তাহের জন্য আমরা মুখিয়ে আছি।’

