জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে ৮ সেপ্টেম্বর। অধিবেশন শুরুর প্রাক্কালে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট-ইলেক্ট ও বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে ড. খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান আন্তোনিও গুতেরেস। এ সময় আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য, বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়ন এবং বহুপাক্ষিক কূটনীতির বিভিন্ন চ্যালেঞ্জ ও অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন তারা।
এদিকে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ড. খলিলুর রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক কার্যালয়।
এক বার্তায় সংস্থাটি বিশ্বমঞ্চে ড. খলিলুর রহমানের নেতৃত্ব ও সফলতার জন্য পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশের একজন কূটনীতিকের আসীন হওয়াকে আন্তর্জাতিক কূটনীতিতে দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশ্বশান্তি, বহুপাক্ষিক সহযোগিতা ও নীতি নির্ধারণে এ দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা আরও দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

