spot_img

নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

অবশ্যই পরুন

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপুলসংখ্যক প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (২৬ আগস্ট) এক বার্তা প্রধানমন্ত্রী বলেন, ‘নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির মর্মান্তিক খবরে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমার দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন এবং এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত তাদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের প্রার্থনা রইল। এই দুর্যোগের সময়ে নেপালের প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত।’

এদিকে, আজ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতেও নেপালের ঘটনায় শোক ও সংহতি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের মর্মান্তিক দুর্যোগের খবর ও পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং পর্যটকসহ অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতীম দেশ নেপালের সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সংহতি প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে নিহতদের আত্মার প্রতি গভীর সমবেদনা প্রকাশ, নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতার আশাবাদ জানানো হয়েছে।

দুর্যোগকালীন এই সময়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতায় নেপালকে যেকোনোভাবে সম্ভাব্য সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, নেপালে ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় শত শত মানুষ নিখোঁজ হয়েছেন। যাদের মধ্যে পাঁচ শতাধিক জন বিদেশি পর্যটক রয়েছেন।

নেপালি পুলিশের নিশ্চিত করা সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটকের সংখ্যা এখন ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক।

তারা বলছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১১৩ জন নেপালি, ৫৪ জন মার্কিন নাগরিক এবং নিখোঁজ ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৩৩ জন।

নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের ১৩৩ জন রয়েছেন।

ট্যুর অপারেটরদের তথ্য উদ্ধৃত করে পর্যটন বোর্ড বলছে, অধিকাংশ যাত্রী ভারত ও নেপালের সীমান্তের কাছাকাছি অবস্থিত মানসারোভরের পথে ছিলেন।

নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় বুধবার সন্ধ্যার পর জানায় যে, এখন পর্যন্ত ৯৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে বলে নেপাল পুলিশ জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচন: সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট করতে চায় ইসি

আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়া এবং এ বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন...

এই বিভাগের অন্যান্য সংবাদ