spot_img

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

অবশ্যই পরুন

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি বিশাল আবর্জনার স্তূপ ধসে নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। রোববার (২৩ আগস্ট) রাত দুইটার দিকে দেশটির রাজধানী কোনাক্রিতে এ দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির পর বর্জ্যের স্তূপটি ধসে পড়ে। এতে আশপাশের তাঁবু ও অস্থায়ী ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ছয়জন গুরুতর এবং আরও ১৬ জন সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিধসের পরিমাণ এতটাই বড় ছিল যে একটি অ্যাপার্টমেন্ট ভবনসহ বেশ কয়েকটি অস্থায়ী স্থাপনা মাটির নিচে চাপা পড়তে পারে।

ক্ষয়ক্ষতি পরিদর্শন এবং উদ্ধার তৎপরতা তদারক করতে ঘটনাস্থলে যান দেশটির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ। সরকারি বিবৃতিতে জানানো হয়, তিনি জনগণকে শান্ত থাকার পাশাপাশি একে অন্যের পাশে দাঁড়াতে এবং উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

তবে ঘটনার মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে ওই বর্জ্যভূমি বন্ধ করে বর্জ্য অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল সরকার। বিশেষ করে বর্ষাকালে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হওয়ায় জায়গাটি নিয়ে উদ্বেগ ছিল। পশ্চিম আফ্রিকার বিভিন্ন ঘনবসতিপূর্ণ ও অবকাঠামোগতভাবে অনুন্নত শহরে প্রতিবছরই বর্ষাকালে এ ধরনের ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণহানি ঘটে।

উল্লেখ্য, গিনিতে বিশ্বের সবচেয়ে বড় বক্সাইটের মজুত রয়েছে। দেশটির সিমানদু এলাকায় বিশ্বের অন্যতম সমৃদ্ধ অনাবিষ্কৃত লৌহ আকরিকের মজুতও রয়েছে। সেখানে গত নভেম্বরে বড় ধরনের খনন প্রকল্পের কাজ শুরু হয়। তবে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে অবকাঠামোগত উন্নয়ন সীমিত এবং দারিদ্র্যও ব্যাপক। বিশ্বব্যাংকের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশটির ১ কোটি ৫১ লাখ মানুষের মধ্যে ৩৭ লাখ মানুষ দৈনিক ৪ দশমিক ২০ ডলারের কম আয়ে জীবনযাপন করেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলের। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ