spot_img

রাতের নীরবতা হোক আত্মশুদ্ধি ও ইবাদতের অনন্য সুযোগ

অবশ্যই পরুন

দিনের ব্যস্ততা শেষে যখন চারপাশ নীরব হয়ে আসে, কোলাহল থেমে যায় এবং মানুষ আপন ঘরে ফিরে যায়, তখন শুরু হয় রাত। একজন মুমিনের জন্য রাত শুধু বিশ্রামের সময় নয়; বরং এটি আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার এক মূল্যবান সুযোগ।

দিনের ব্যস্ততায় মানুষ অনেক কিছু ভুলে যেতে পারে। কিন্তু রাতের নীরবতা তাকে নিজের অন্তরের দিকে ফিরে তাকানোর সুযোগ দেয়। নিজের ভুল ও গুনাহ নিয়ে ভাবা, আমল পর্যালোচনা করা, অনুতপ্ত হয়ে তওবা করা এবং আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করার উপযুক্ত সময় হতে পারে রাত।

ইসলামে রাতের গুরুত্ব অত্যন্ত বেশি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আমি রাতকে করেছি আবরণস্বরূপ এবং দিনকে করেছি জীবিকা অর্জনের সময়।’ (সুরা নাবা, আয়াত ১০-১১)

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, ‘তারা রাতের অল্প অংশই নিদ্রায় কাটাত এবং শেষরাতে ক্ষমা প্রার্থনা করত।’ (সুরা : জারিয়াত, আয়াত : ১৭-১৮)

রাসুলুল্লাহ (সা.) রাতের ইবাদতকে এত গুরুত্ব দিতেন যে তাঁর পা পর্যন্ত ফুলে যেত। তখন আয়েশা (রা.) জিজ্ঞেস করলেন, ‘আল্লাহ তো আপনার পূর্বাপর সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তবুও আপনি এত কষ্ট করেন কেন?’ তিনি বললেন, ‘তাহলে কি আমি একজন কৃতজ্ঞ বান্দা হব না?’ (সহিহ বুখারি)

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব?’ (সহিহ বুখারি, হাদিস : ১১৪৫, সহিহ মুসলিম, হাদিস : ৭৫৮)

আজকের বাস্তবতা হলো, যে রাত আমাদের জন্য রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির মাধ্যম হওয়ার কথা ছিল, সেই রাতই অনেকের জন্য গাফেলত, মোবাইল আসক্তি, উদ্দেশ্যহীন স্ক্রলিং, সিরিজ-নাটক দেখা এবং সময় অপচয়ের সময়ে পরিণত হয়েছে।

অথচ রাত হতে পারে নিজের জীবন বদলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়। ইবাদত, কোরআন তিলাওয়াত, জ্ঞানার্জন, আত্মসমালোচনা, তওবা ও দোয়ার মাধ্যমে একজন মানুষ নিজের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে পারেন।

মানুষের জীবনে রাতের অভ্যাসের প্রভাবও কম নয়। যে ব্যক্তি রাতকে ইবাদত, আত্মশুদ্ধি ও কল্যাণকর কাজে ব্যয় করেন, তার জীবন ধীরে ধীরে আলোকিত হতে পারে। বিপরীতে গুনাহ, গাফেলতি ও সময় অপচয়ের মাধ্যমে রাত কাটালে মানুষ অজান্তেই নিজের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

তাই রাতকে শুধু ঘুমের সময় হিসেবে না দেখে একজন মুমিনের উচিত এর একটি অংশ আল্লাহর স্মরণ, আত্মসমালোচনা, তওবা ও ইবাদতে ব্যয় করার চেষ্টা করা। নীরব রাতের এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা হোক আমাদের জীবনের অন্যতম লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদের রাতের মূল্য বুঝে ইবাদত ও নেক আমলে সময় কাটানোর তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

মির্জা ফখরুলের অশ্রুসজল বক্তব্যে আবেগাপ্লুত বিএনপির এমপিরা

বিএনপির মহাসচিব হিসেবে কেটেছে এক সংগ্রামী সময়। রাজপথ থেকে কারাগার; মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কেটেছে এভাবেই।...

এই বিভাগের অন্যান্য সংবাদ