spot_img

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অবশ্যই পরুন

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কিশোরগঞ্জজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তার আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছাবেন। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও কথা রয়েছে তার।

পাকুন্দিয়ার কর্মসূচি শেষে দুপুর ১২টার দিকে কটিয়াদী উপজেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। হ্যাচারি পরিদর্শন শেষে দুপুর ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার বিতরণ করবেন।

এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা আড়াইটার দিকে সেখানে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার। একই স্থানে জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

দিনের ব্যস্ত কর্মসূচির মধ্যে বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে কিছু সময় বিশ্রাম ও বিরতি নেওয়ার কথা রয়েছে তার।

বিরতি শেষে বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন ধরনের অনুদান প্রদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তার সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৬টার দিকে সড়কপথে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্য দিয়ে দিনব্যাপী তার কিশোরগঞ্জ সফরের সমাপ্তি ঘটবে।

সর্বশেষ সংবাদ

দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো অবস্থায় নেই উল্লেখ করে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ