কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি, ভিডিও ও গান ব্যবহারে নতুন সুবিধা আনছে গুগল। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে এআই দিয়ে তৈরি কনটেন্টে থাকা দৃশ্যমান জলছাপ বা ওয়াটারমার্ক সরিয়ে রাখতে পারবেন। তবে দৃশ্যমান জলছাপ বন্ধ করলেও কনটেন্টটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি—এমন তথ্য শনাক্তের ব্যবস্থা বহাল থাকবে।
শুক্রবার এক ঘোষণায় গুগল জানায়, তাদের ন্যানো বানানা, ওমনি ও লিরিয়া মডেলের তৈরি কনটেন্টে এই সুবিধা পাওয়া যাবে। জেমিনি ও গুগলের ভিডিও সম্পাদনার প্ল্যাটফর্ম ফ্লোতে দৃশ্যমান জলছাপ চালু বা বন্ধ করার সেটিংস থাকবে। গুগল সার্চেও শিগগিরই এই সুবিধা যুক্ত করা হবে।
গুগলের জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানান, দৃশ্যমান জলছাপ ঐচ্ছিক করা হলেও কনটেন্টের অদৃশ্য শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ হবে না। ফলে সৃজনশীল ও পেশাদার কাজে ব্যবহারকারীরা জলছাপ ছাড়াই কনটেন্ট ব্যবহার করতে পারবেন, আবার কনটেন্টটি এআই দিয়ে তৈরি কি না, সেটিও পরবর্তী সময়ে শনাক্ত করা সম্ভব হবে।
গুগলের অদৃশ্য জলছাপ ব্যবস্থার নাম সিন্থআইডি। এটি কনটেন্টের মধ্যে এমনভাবে যুক্ত করা হয়, যা সাধারণভাবে চোখে দেখা যায় না। এর পাশাপাশি কনটেন্টের পরিচয় ও উৎসসংক্রান্ত তথ্য সংরক্ষণে সি-টু-পিএ (C2PA) মানদণ্ডের মেটাডেটাও বহাল থাকবে।
গুগলের এই সিদ্ধান্তের পেছনে মূলত সৃজনশীল কাজের সুবিধা ও এআই-নির্মিত কনটেন্ট শনাক্তের প্রয়োজনীয়তার মধ্যে ভারসাম্য তৈরির বিষয়টি কাজ করছে। দৃশ্যমান জলছাপ অনেক ক্ষেত্রে ছবি বা ভিডিওর নকশা ও পেশাদার ব্যবহারে বাধা তৈরি করতে পারে। আবার জলছাপ পুরোপুরি সরিয়ে দিলে কনটেন্টটি এআই দিয়ে তৈরি কি না, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়তে পারে। তাই দৃশ্যমান চিহ্ন সরানোর সুযোগ দিলেও অদৃশ্য শনাক্তকরণ ব্যবস্থা রেখে দিচ্ছে গুগল।
আগামী কয়েক দিনের মধ্যে নতুন সুবিধাটি চালু হতে পারে। সুবিধাটি চালু হলে জেমিনির সেটিংসের ‘মিডিয়া ওয়াটারমার্ক’ অপশন থেকে দৃশ্যমান জলছাপ চালু বা বন্ধ করা যাবে।
এদিকে গুগল ‘ক্রেডেনশিও’ নামে নতুন একটি উন্মুক্ত সফটওয়্যার লাইব্রেরিও প্রকাশ করছে। এর মাধ্যমে বিভিন্ন অ্যাপের নির্মাতারা নিজেদের সফটওয়্যারে স্থানীয়ভাবে কনটেন্ট যাচাইয়ের ব্যবস্থা যুক্ত করতে পারবেন।
এআই দিয়ে তৈরি কনটেন্টের পরিচয় ও সত্যতা যাচাইয়ের পদ্ধতি নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যখন প্রতিযোগিতা বাড়ছে, তখন দৃশ্যমান জলছাপ ঐচ্ছিক করার পাশাপাশি অদৃশ্য শনাক্তকরণ ব্যবস্থা বহাল রাখার মাধ্যমে নতুন ধরনের ভারসাম্যের পথে হাঁটছে গুগল।
সূত্র: টেকক্রাঞ্চ

