spot_img

নিষিদ্ধ সংগঠনের নেতার প্রশংসা করে ভারতকে হুমকি পাকিস্তানের সাবেক মন্ত্রীর

অবশ্যই পরুন

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী মুসলিম লীগ (এএমএল) নেতা শেখ রশিদ আহমেদের একটি বক্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এক জনসমাবেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবের (এলইটি) প্রতিষ্ঠাতা ও জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী হাফিজ সাঈদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে তিনি নিজেকে তার ‘গোলাম’ বলে দাবি করেন। একই অনুষ্ঠানে ভারতবিরোধী হুমকিও দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শেখ রশিদকে লস্কর-ই-তাইয়েবের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতার সঙ্গে একই মঞ্চে দেখা যায়। তাদের মধ্যে ছিলেন পাকিস্তান মার্কাজি মুসলিম লীগের (পিএমএমএল) সভাপতি ও লস্করের জ্যেষ্ঠ কমান্ডার খালিদ মাসুদ সান্ধু এবং সংগঠনটির আরেক সদস্য কারি মুহাম্মদ ইয়াকুব শেখ।

হাফিজ সাঈদকে নিয়ে যা বললেন

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শেখ রশিদ বলেন, ‘আমি হাফিজ সাহেবের গোলাম।’

তিনি আরও দাবি করেন, হাফিজ সাঈদের ফোন নম্বর তার মোবাইলে পাওয়া যাওয়ায় তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছিল।

এরপর ভারতকে উদ্দেশ্য করে হুমকিসূচক বক্তব্য দেন পাকিস্তানের এই সাবেক মন্ত্রী। তিনি বলেন, ভারত যদি পাকিস্তানের দিকে ‘তাকায়ও’, তাহলে আল্লাহ দেশটিকে ধ্বংস করে দেবেন।

শেখ রশিদ আরও বলেন, ভারতে কোনো পাখি ডাকবে না, কোনো মন্দিরে ঘণ্টা বাজবে না—এমন বক্তব্যের মাধ্যমে তিনি দেশটির বিরুদ্ধে কঠোর হুমকি দেন।

তিনি বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে, আমরা হাফিজ সাঈদের সঙ্গে।’

কে এই শেখ রশিদ?

শেখ রশিদ আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গেও তার ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও প্রধান।

সন্ত্রাসবাদ নিয়ে বিতর্কিত মন্তব্যের ক্ষেত্রে শেখ রশিদের নাম এর আগেও এসেছে। ২০২২ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে তিনি দাবি করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফই ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম হামলাকারী আজমল কাসাবের ফারিদকোটের ঠিকানা ভারতকে জানিয়েছিলেন।

তবে ওই সময় তার বক্তব্যের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল তৎকালীন বিরোধীদের ভারতপন্থী হিসেবে তুলে ধরা এবং ইমরান খানের সরকার উৎখাতে বিদেশি শক্তির ষড়যন্ত্রের অভিযোগকে জোরালো করা।

সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থান

দীর্ঘদিন ধরে পাকিস্তান তার ভূখণ্ড থেকে পরিচালিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে সমর্থনের অভিযোগ অস্বীকার করে আসছে। তবে শেখ রশিদের সাম্প্রতিক বক্তব্য দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ নিয়ে পুরোনো বিতর্ককে আবারও সামনে এনেছে।

লস্কর-ই-তাইয়েবা ২০০৮ সালের মুম্বাই হামলাসহ একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত বলে আন্তর্জাতিকভাবে চিহ্নিত। সংগঠনটির প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ জাতিসংঘের সন্ত্রাসী তালিকাভুক্ত।

সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লী সফর নিয়ে ইতিবাচক অবস্থানে ঢাকা— এমনই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বলেন, অভ্যন্তরীণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ