ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর–এর প্রার্থিতা নিয়ে করা আপিলের রায় বুধবার (২৯ জুলাই) ঘোষণা করবেন আপিল বিভাগ। এ রায়ের মাধ্যমে তিনি জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বিষয়টির শুনানি শেষে রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেন।
বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে শপথ পড়ানোর পর জাতীয় সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখতে করা আপিল আবেদনের ওপর আজ রায় হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিন বিষয়টির ওপর আবারও শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল বিভাগ বুধবার (২৯ জুলাই) রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।
এ আদেশের মাধ্যমে সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া ও সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট হবে।
এর আগে, সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন চট্টগ্রাম-২ আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।
নুরুল আমীন হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চান এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীর যেন সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন- এ সংক্রান্ত নিষেধাজ্ঞা চান।
আবেদনের ওপর শুনানি শেষে এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (২৭ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই দিন ঠিক করেন। আদালতে এদিন সারোয়ার আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম এবং এ এম মাহবুব উদ্দিন খোকন। মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে সারোয়ার আলমগীরের সংসদে যেতে না যাওয়ার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। নুরুল আমীনের করা ওই আবেদনে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

