হরমুজে নৌপরিবহন নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার (২৬ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এর বারতে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌচলাচল ব্যবস্থাপনার কৌশল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় তারা অগ্রগতি লাভ করেছে এবং এই জলপথ দিয়ে জাহাজ চলাচলে কোনো পরিবর্তন আসেনি। শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বাঘাই আরও বলেন, দুই উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল ব্যবস্থাপনার জন্য উভয় পক্ষ অভিন্ন নীতি ও কার্যপ্রণালী নিয়ে মতবিনিময় করেছে। আলোচনা ফলপ্রসূ ছিল এবং অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, ওমানের প্রতিনিধিদল শনিবার বিকেলে তেহরান ত্যাগ করেছে, তবে উভয় পক্ষের মধ্যে প্রযুক্তিগত ও রাজনৈতিক আলোচনা অব্যাহত থাকবে।
বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচলের স্থিতিতে কোনো পরিবর্তন হয়নি বলেও জানান বাঘাই।

