মানবাধিকারবিষয়ক প্রচার সংস্থা ফেয়ারস্কয়ার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে অভিযোগ করেছিল, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন। সংস্থাটির অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন ফিফা সভাপতি।
তবে আইওসি জানিয়ে দিয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে করা অভিযোগ তারা তদন্ত করবে না। কারণ অভিযোগটি তাদের এখতিয়ারের আওতাভুক্ত নয়। খবর বিবিসির।
ঘটনার সূত্রপাত বিশ্বকাপ চলাকালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছিলেন, তিনি ইনফান্তিনোকে ফোন করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন।
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ২-০ গোলের জয়ের ম্যাচে লাল কার্ড দেখায় বালোগুনকে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্পের হস্তক্ষেপের পর তার এক ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি; শুধু বলা হয়েছিল, নিয়ম অনুযায়ী শাস্তি স্থগিত করার সুযোগ রয়েছে। এরপর বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলো’র ম্যাচে মাঠে নামেন বালোগুন। তবে সেই ম্যাচে যুক্তরাষ্ট্র ৪-১ গোলে হেরে যায়।
ইনফান্তিনো ২০২০ সাল থেকে আইওসির সদস্য। অলিম্পিক সনদের দ্বিতীয় ধারায় বলা হয়েছে, আইওসির সদস্যরা কোনো সরকার, সংস্থা বা অন্য কোনো পক্ষের কাছ থেকে এমন কোনো নির্দেশনা বা দায়িত্ব গ্রহণ করবেন না, যা তাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ বা ভোট দেয়ার ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে।
তবে আইওসি জানিয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে করা অভিযোগ তাদের নৈতিকতা কমিশনের আওতাভুক্ত নয়।
আইওসির এক বিবৃতিতে বলা হয়, ‘ফিফা সভাপতিকে ঘিরে বর্তমান অভিযোগটি মূলত আন্তর্জাতিক ফেডারেশনের নিজস্ব পরিচালনা, ব্যবস্থাপনা, সরকারের সঙ্গে সম্পর্ক এবং খেলাধুলার নিয়ম বাস্তবায়নের বিষয়ে। এসব বিষয় আইওসি নৈতিকতা বিধির আওতার বাইরে।’
এদিকে আইওসির এই বক্তব্যের একদিন আগে জানা যায়, নরওয়ে ফুটবল ফেডারেশন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করার কথা বিবেচনা করছে।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, তারা এই ঘটনায় ‘তীব্র উদ্বেগ’ প্রকাশ করেছেন। আগামী বোর্ড সভায় অভিযোগ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

