spot_img

‘অপারেশন সিঁদুর’ নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের

অবশ্যই পরুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন নিয়াজি দাবি করেছেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। তবে দেশটির সেনাবাহিনী সেই বাস্তবতা আড়াল করে জনগণের সামনে নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরতে ‘বানানো গল্প’ প্রচার করেছে। তার এ মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তানে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নরিন নিয়াজির দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের যে সামরিক সংঘাত হয়েছিল, তার প্রকৃত চিত্র পাকিস্তানের সেনাপ্রধান যেভাবে তুলে ধরেছেন, বাস্তবতা তার সঙ্গে মিল নেই। তার ভাষ্য, ‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতের একটি সফল সামরিক অভিযান এবং এতে পাকিস্তান উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়। কিন্তু সেনাবাহিনী নিজেদের ব্যর্থতা ও ক্ষতি গোপন করার চেষ্টা করেছে।

নরিন নিয়াজির এই বক্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে তলব করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। সংস্থাটির পাঠানো নোটিশে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় ও সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘মিথ্যা ও আপত্তিকর’ তথ্য প্রচার করে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিরস্ত্র মানুষ নিহত হন। ওই হামলার জন্য লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-কে দায়ী করে ভারত।

এর জবাবে ৭ মে ভোরে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান শুরু করে। নয়াদিল্লির দাবি, ওই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়।

এরপর কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ভারত দাবি করে, পাকিস্তানের হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা অভিযানে দেশটির একাধিক সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি করা হয়েছে। তবে পাকিস্তান ভারতের এসব দাবির অনেকগুলোই অস্বীকার করে এবং নিজেদের সফলতার দাবি জানায়। পরে উভয় দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

এদিকে, ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ২০২৩ সালের সহিংস বিক্ষোভ-সংক্রান্ত ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একাধিক মামলার বিচারও তার বিরুদ্ধে চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ

ঘুষিকাণ্ডে বিতর্কের পর মুখ খুললেন পারেদেস

বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। যদিও এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ