চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ এবং হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) সকালে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান, শিশু রাজিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসান শেখ বর্তমানে কারাগারে রয়েছে।
মামলায় বলা হয়, ২০২২ সালের ১৬ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুন নিখোঁজ হয়। পরদিন একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় হাসানকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করে পরিবার। তদন্ত শেষে হাসানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।
এদিকে, চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবুল হোসেনকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল বর্তমানে কারাগারে রয়েছে।
মামলায় বলা হয়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর জীবননগরের গোয়ালপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুনসহ কয়েকজন মাঠে শাক তুলতে যায়। এসময় এক ব্যক্তি কৌশলে শিশুটিকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করে। তদন্ত শেষে আবুলকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। এরপর, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেয় আসামি। এছাড়া, রায়ে সন্তুষ্টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

