spot_img

ইয়ামালের মন্তব্য অসম্মানজনক নয়, বরং আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ: কুন্দে

অবশ্যই পরুন

স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামালের ‘ফ্রান্সকে আমাদের ভয় পাওয়া উচিত’ মন্তব্যকে অসম্মানজনক হিসেবে দেখছেন না ফ্রান্সের ডিফেন্ডার জুলস কুন্দে। বরং বার্সেলোনায় সতীর্থ হিসেবে ইয়ামালকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, এটি কেবল তার আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ।

আজ মঙ্গলবার দিবাগত রাতে টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারানোর পর ইয়ামাল বলেছিলেন, ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত।

স্থানীয় সময় সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কুন্দে বলেন, “না, আমরা এক মুহূর্তের জন্যও এটিকে অসম্মান হিসেবে নিইনি। আমি লামিনকে খুব ভালো করে চিনি। আমার কাছে এটি তার আত্মবিশ্বাসের প্রকাশ। বার্সেলোনায়ও আমি তাকে এমনই দেখেছি। সে নিজের ওপর এবং নিজের দলের ওপর ভীষণ আস্থাশীল।”

তিনি আরও বলেন, “আমি এটিকে তার অতিরিক্ত প্রেরণা হিসেবেই দেখছি, এর বেশি কিছু নয়।”

এদিকে নিজের মন্তব্য থেকে একচুলও সরে আসেননি ইয়ামাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি অবাক হইনি। আপনারা কীভাবে প্রশ্ন করেন, আমি জানি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি কি ফ্রান্সকে ভয় পাই? আমি বলেছি, না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এটা ফুটবল, কুন্দেও সেটাই বলেছে। এর বেশি কিছু নয়।”

ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা ফ্রান্স এবং তিন নম্বরে থাকা স্পেনের এই লড়াইটি ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। সেই ম্যাচে ২-১ গোলে জিতে শিরোপা জয়ের পথে এগিয়েছিল স্পেন। ওই ম্যাচে দুর্দান্ত একটি গোল করেছিলেন ইয়ামাল।

ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও জানিয়েছেন, তাদের পরিকল্পনা শুধু ইয়ামালকে আটকে রাখার নয়।

“ইয়ামালকে ঘিরে আমাদের আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা পুরো স্পেন দলকেই নিয়ে ভাবছি, একজন খেলোয়াড়কে নয়। আমরা জানি তারা সব দিক থেকেই বিপজ্জনক। ইয়ামাল, তাদের আক্রমণভাগ, বল দখলের ক্ষমতা, বক্সের আশপাশে ছোট ছোট পাসে খেলা—সবকিছুই আমাদের মাথায় রাখতে হবে,” বলেন রাবিও।

এবারের বিশ্বকাপে ছয় ম্যাচে ১৬ গোল করেছে ফ্রান্স, যার মধ্যে আটটিই করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে কুন্দের মতে, স্পেন সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিপক্ষ।

তিনি বলেন, “দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালোবাসে এবং বল নিজেদের দখলে রাখতে চায়। স্পেন বরাবরই বল নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে এবং দ্রুত পাল্টা আক্রমণেও ভয়ংকর। আমরাও বল নিয়ে স্বচ্ছন্দ, আবার প্রয়োজনে নিচে নেমে রক্ষণ গড়ে দ্রুত কাউন্টার অ্যাটাকেও যেতে পারি।”

কুন্দে আরও যোগ করেন, “আগামীকাল আমাদের বল দখলে রাখতে হবে। স্পেনের বিপক্ষে ৯০ মিনিট তাদের হাতে বল ছেড়ে দিলে চলবে না।”

মঙ্গলবারের ম্যাচটি ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল দিবসেও অনুষ্ঠিত হচ্ছে। তবে একই দিনে ২০১৬ সালে নিসে সন্ত্রাসী হামলায় ৮৬ জন নিহত হওয়ার স্মৃতিও বয়ে বেড়ায় দেশটি।

কুন্দে বলেন, “অবশ্যই এটি আমাদের জাতীয় দিবস। কিন্তু কয়েক বছর ধরে এটি শোকেরও দিন, কারণ নিসের সেই হামলার কথা আমরা ভুলিনি। নিহতদের পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। একই সঙ্গে আমরা চাই মাঠে নেমে ফরাসি জনগণকে গর্বিত করতে। টুর্নামেন্টের শুরু থেকেই সেটাই আমাদের লক্ষ্য।”

মঙ্গলবারের এই সেমিফাইনালের বিজয়ী আগামী রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনার মুখোমুখি হবে।

সর্বশেষ সংবাদ

ব্লু ইকোনমিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

বাংলাদেশের সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞরা। তাদের মতে, সমুদ্রের বিপুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ