spot_img

নতুন করে ১৫ জেলায় বন্যার শঙ্কা

অবশ্যই পরুন

দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলে দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী দুই দিনের মধ্যে নতুন করে আরও ১৫ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পৃথক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দক্ষিণ-পূর্বাঞ্চলে পানি কমতে শুরু করলেও উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার রাত ১টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলোর মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে সুস্পষ্ট নির্দেশনা নেই : ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি) এখনো সুস্পষ্ট কোনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছেন ইসি সিনিয়র...

এই বিভাগের অন্যান্য সংবাদ