মাদকের মতো উগ্রবাদ-মৌলবাদ-সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে চায় সরকার। এমনটা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, সমাজ হবে প্রগতিশীল, সাম্প্রদায়িকতাবিরোধী। এখানে মানুষ সব মিলিয়ে উন্নত জীবন যাপন করবে।
তিনি জানান, নজরুল সংগীতের পাশপাশি বছরব্যাপী লালন, ভাওয়াইয়া, ভাটিয়ালিসহ অন্যান্য সংগীতের চর্চাও চালাবে সরকার। এসব বিষয়ে আয়োজন করা হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাও।
নিতাই রায় চৌধুরী বলেন, সারা পৃথিবীর মানুষ যেন বাংলা সংস্কৃতিতে মুগ্ধ হয়ে ছুটে আসতে পারে, এ নিয়ে সরকার কাজ করছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংস্কৃতি, খেলাধুলা সবকিছু যোগ করতে নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।
এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও শিল্পকর্মকে এগিয়ে নিতে শিল্পীদের পরামর্শ শোনেন মন্ত্রী।

