যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক চুক্তি ও নিয়ম লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকলে তেহরানও আর দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক মেনে চলতে বাধ্য থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি ওয়াশিংটনকে এই চরম বার্তা দিয়েছেন।
সম্প্রতি ইরানের বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে আমির সাঈদ ইরাভানি বলেন, গত ৭ ও ৮ জুলাই ইরানের অভ্যন্তরে মার্কিন হামলা ছিল জাতিসংঘ সনদের এক ‘প্রকাশ্য লঙ্ঘন’। তিনি এই আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং ওয়াশিংটনের এমন আচরণকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেন।
সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ইরানি দূত স্পষ্ট ভাষায় জানান— যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের অধীনে থাকা তার বাধ্যবাধকতা লঙ্ঘন করতে থাকে, তবে ইরানও এই সমঝোতা স্মারকের অধীনে থাকা তার বাধ্যবাধকতা পূরণে আর বাধ্য থাকবে না।
তবে ইরান এখনো আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে দিচ্ছে না উল্লেখ করে তিনি আরও যোগ করেন, তেহরান চুক্তির প্রতি তখনই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে—যদি যুক্তরাষ্ট্র তার নিজের বাধ্যবাধকতাগুলো সম্পূর্ণরূপে এবং বিশ্বস্ততার সাথে পালন করে। আল জাজিরা

