যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্ককে ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই দেশের মধ্যে মাঝেমধ্যে মতপার্থক্য দেখা দিলেও কৌশলগত লক্ষ্য ও পারস্পরিক সম্পর্কের ভিত্তি অটুট রয়েছে বলে দাবি করেছেন তিনি।
একই সঙ্গে তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ইসরায়েল এবং ইসরায়েলেরও সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র।
রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু। বলেন, ট্রাম্পের সঙ্গে প্রায় সব গুরুত্বপূর্ণ ইস্যুতেই তাদের অবস্থান এক।
‘৯৯ শতাংশ ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এক। তবে প্রতিটি পরিবার কিংবা ঘনিষ্ঠ বন্ধুত্বের মতোই কখনও কখনও মতবিরোধ হয়। সেসব বিষয় আমরা খোলামেলাভাবে আলোচনা করি,’ বলেন নেতানিয়াহু।
ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য ভিন্ন, এমন ধারণাও নাকচ করে দেন নেতানিয়াহু। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে উভয় দেশ একই উদ্দেশ্য সামনে রেখে কাজ করছে।
তার ভাষ্য, ‘আমরা চাই ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করুক। সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হোক এবং পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণের সব স্থাপনা ভেঙে ফেলা হোক।’
নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’-এর পর প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন, কূটনৈতিক আলোচনা এবং তেহরানের ওপর চাপ অব্যাহত রাখার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।
একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভবিষ্যতে যেকোনো সমঝোতা বা সমঝোতা স্মারক হলেও, তিনি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেয়া হবে না।
ইসরায়েল সবসময় যুদ্ধাবস্থায় থাকে, সমালোচকদের এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। এর পক্ষে তিনি মধ্যপ্রাচ্যে সম্পাদিত বিভিন্ন শান্তি চুক্তির উদাহরণ তুলে ধরেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগিতায় ইসরায়েল চারটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি সম্পন্ন করেছে, যা আব্রাহাম আকরডস নামে পরিচিত। এছাড়া সম্প্রতি লেবাননের সঙ্গে হওয়া সমঝোতাও ভবিষ্যতে আরও শান্তি চুক্তির পথ খুলে দিতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নেতানিয়াহুর দাবি, লেবাননের সাধারণ মানুষ হিজবুল্লাহ’র প্রভাব থেকে মুক্ত হতে চায়।
‘লেবানন নিজেদের হিজবুল্লাহ সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে চায়। তারা একটি স্বাভাবিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে আগ্রহী। আমি আশা করি, ভবিষ্যতে আরও শান্তি চুক্তি সম্ভব হবে,’ বলেন তিনি।
সাক্ষাৎকারে পশ্চিমা দেশগুলোতে ইসরায়েলবিরোধী আন্দোলনের প্রসঙ্গও তোলেন নেতানিয়াহু। তার দাবি, এসব আন্দোলন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাবও উসকে দেয়।
‘যারা ইসরায়েলকে ঘৃণা করে, শেষ পর্যন্ত তারা আমেরিকাকেও ঘৃণা করে। বিক্ষোভে তারা যেমন ইসরায়েলের পতাকা পোড়ায়, তেমনি অনেক ক্ষেত্রেই তার পাশেই আমেরিকার পতাকাও পোড়াতে দেখা যায়,’ বলেন তিনি।
এ ধরনের আন্দোলনকে ‘বিষাক্ত মতাদর্শ’ আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, এটি শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের জন্যই হুমকি নয়, বরং দুই দেশের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের বিরুদ্ধেও অবস্থান নেয়।
খামেনির জানাজার প্রসঙ্গ
সাক্ষাৎকারে তিনি সাবেক ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানাজার প্রসঙ্গও টানেন। নেতানিয়াহুর দাবি, সেখানে শুধু ‘আমেরিকার মৃত্যু’ নয়, ‘ট্রাম্পকে হত্যা করো’ এবং ‘ট্রাম্পের মৃত্যু হোক’, এ ধরনের স্লোগানও দেয়া হয়েছে।
এসব বক্তব্য তুলে ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের গুরুত্বের ওপর আবারও জোর দেন তিনি।
নেতানিয়াহুর ভাষ্য, ‘আমাদের জোট শুধু অভিন্ন কৌশলগত স্বার্থের ওপর দাঁড়িয়ে নেই, এটি অভিন্ন মূল্যবোধের ভিত্তিতেও গড়ে উঠেছে। সেই ভিত্তি অটুট থাকলে আমাদের মিত্রতাও শক্তিশালী থাকবে।’

