spot_img

সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’, জাতিসংঘে ইরান

অবশ্যই পরুন

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার ইসরায়েলি হুমকিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন। ইসরায়েলের এই সর্বশেষ হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে বৈশ্বিক এই সংস্থায় একটি আনুষ্ঠানিক বিবৃতি ও চিঠি দিয়েছে ইরান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদকে লেখা এক চিঠিতে ইরাভানি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের এই হুমকি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি ইরানি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি সুচিন্তিত ও পরিকল্পিত নীতির অংশ’।

চিঠিতে ইরানি রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, এই হুমকি মূলত ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসনের ধারাবাহিক অবৈধ আগ্রাসনমূলক কর্মকাণ্ডেরই অংশ।

তিনি দাবি করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, সমন্বয় এবং সমর্থনে অতীতে প্রয়াত ইরানি নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং অন্যান্য ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’

আমির-সাঈদ ইরাভানি তার চিঠিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।

তিনি অভিযোগ করেন, নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় না এনে এক ধরনের দায়মুক্তি দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। জাতিসংঘের এই ব্যর্থতা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণের ক্ষেত্রে ইসরায়েলি শাসনব্যবস্থাকে আরও বেপরোয়া করে তুলেছে, যা একটি অত্যন্ত বিপজ্জনক নজির স্থাপন করছে। ইসরায়েলের এই আচরণ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুতর হুমকিগুলোর একটি।

বিবৃতির শেষাংশে ইরানি রাষ্ট্রদূত কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, জাতিসংঘ যদি তার সনদ অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবুও তেহরান হাত গুটিয়ে বসে থাকবে না। ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের প্রতিকূল বা আগ্রাসী পদক্ষেপের যোগ্য জবাব দিতে দেশটি সম্পূর্ণরূপে প্রস্তুত। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে।  প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজ বৃহস্পতিবার (২ জুলাই) এই গেজেট প্রকাশ করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ