আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন।
রিটে বিবাদী করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের। রিট আবেদনে আইনটিকে ‘অবৈধ’ দাবি করে এই ট্রাইব্যুনালকে ‘জুডিশিয়াল মার্ডারের ইন্সট্রুমেন্ট’ বা বিচারিক হত্যার হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়েছে।
রিটে রুল জারি করে বিবাদীদের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন সরকারকে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন বাতিলের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হবে না। আবেদনে বলা হয়েছে, আইনটি তার মূল উদ্দেশ্য পূরণ করেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি বা বিচারিকভাবে দমন করার হাতিয়ার হিসেবে এর অপব্যবহার ঠেকাতে এটি বাতিল করা প্রয়োজন।

