টানা তিন ড্র’য়ে রীতিমতো নাটকীয় পয়েন্টস টেবিল এখন গ্রুপ ‘জি’তে। নির্ধারিত সময় শেষে গোলশূন্য স্কোরে শেষ হয়েছে ইরান-বেলজিয়াম ম্যাচ। একের পর এক আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করতে ব্যর্থ বেলজিয়ান ফরোয়ার্ড বাহিনী।
রোববার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
এদিন শুরুর দিক থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে বেলজিয়াম। একের পর এক আক্রমণ ও শটে ইরানের রক্ষণভাগকে ব্যস্থ রাখে তারা। তবে প্রতিবারই লক্ষ্যভেদ করতে ব্যর্থ।
লুকাকু–ডি ব্রুইনা’রা দারুণ কিছু সুযোগ তৈরি করলেও, এসব আক্রমণকে গোলে রূপান্তর করতে দেয়নি ইরানি রক্ষণভাগ। এমনকি ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ প্রথমার্ধেই সেভ করেছেন ৪টি গোল।
বিরতির আগে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইরানও। এশিয়ান দলটির দারুণ এক প্রচেষ্টা রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর কৌশলী ফ্রি–কিক থেকে ইরান বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোলটি। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
৫৩ মিনিটে মেহদি তারেমির জোরালো শট আবারও ফিরিয়ে দেন কোর্তোয়া। এরপর ৬০ মিনিটে ম্যাক্সিম ডি কুইপারের শক্তিশালী শট অসাধারণ দক্ষতায় রুখে দেন ইরানের গোলরক্ষক।
ম্যাচের মোড় ঘুরে যায় ৬৬ মিনিটে। বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগয় মেহদি তারেমিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। এরপর ১০ জনের দল হয়ে পড়ে বেলজিয়াম।
তবে একজন কম নিয়েও শেষ পর্যন্ত গোল হজম করেনি বেলজিয়াম। একই সঙ্গে ইরানও কাজে লাগাতে পারেনি বাড়তি সুবিধা। ফলে শেষ পর্যন্ত দুই দলকে মাঠ ছাড়তে হয়েছে একটি করে পয়েন্ট নিয়েই।
আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে বেলজিয়াম; আর ইরানের প্রতিপক্ষ মিশর। দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

