বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার রক্ষার জন্য দলটি গত পাঁচ দশক ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জ সফরকালে বিভিন্ন কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্রের পক্ষে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তিনি বলেন, বিএনপির রাজনৈতিক আদর্শের কেন্দ্রবিন্দু হলো গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।
তিনি আরও দাবি করেন, জনগণের বিপুল সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। ফলে দলটির গণতান্ত্রিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। একইসঙ্গে তিনি বলেন, জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে। উভয় দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করেই ভবিষ্যৎ চুক্তিগুলো সম্পন্ন হবে। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারের মাত্র তিন মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ভাতা প্রদান এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সফরকালে তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজারে প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন করেন। এছাড়া স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কালীদাস নদী ও ফুলদি নদীর ওপর নতুন সেতু নির্মাণের আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মানুষের ভোগান্তি কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
মুন্সীগঞ্জ সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

