spot_img

যুক্তরাষ্ট্রের কাণ্ডে ফিফা প্রেসিডেন্ট, ‘এটাও মনে রাখতে হবে, আমরা বিশ্বের রাজা নই’

অবশ্যই পরুন

২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই নানা বিতর্কে চাপে পড়েছে ফিফা ও অন্যতম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসা জটিলতা, নিরাপত্তা ইস্যু এবং অংশগ্রহণকারী বিভিন্ন দেশের উদ্বেগকে ঘিরে বাড়ছে সমালোচনা। এমন পরিস্থিতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফিফা কোনো রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী নয় এবং বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করার সামর্থ্যও তাদের নেই।

বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে উঠে আসে সোমালিয়ার রেফারি ওমর আরতানের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাওয়ার ঘটনা। বিমানবন্দর থেকেই তাকে ফেরত পাঠানো হয়। দেশে ফিরে তিনি ব্যাপক সমর্থন পান এবং বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। এতে খেলোয়াড়, রেফারি ও কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে পড়ে যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের উদ্বোধনের আগে মেক্সিকোতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইনফান্তিনো বলেন, ফিফা একটি ক্রীড়া সংস্থা মাত্র। কোনো দেশের অভিবাসননীতি বা সীমান্ত নিয়ন্ত্রণে তাদের হস্তক্ষেপের সুযোগ নেই।

তার ভাষায়, “আমরা সবসময় সমাধানের চেষ্টা করি। কিন্তু এটাও মনে রাখতে হবে, আমরা বিশ্বের রাজা নই। আমরা কোনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনা করি না। আমরা একটি ক্রীড়া সংস্থা এবং আমাদের সামর্থ্যের মধ্যেই সর্বোচ্চটা করার চেষ্টা করি।”

পরে ট্রাম্প প্রশাসন জানায়, ‘সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের’ সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। যদিও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।

ঘটনাটিকে “দুর্ভাগ্যজনক” হিসেবে উল্লেখ করলেও ইনফান্তিনো মনে করেন, প্রকাশ্যে উত্তেজনা তৈরি না করে নীরবে সমাধান খোঁজাই বেশি কার্যকর।

তিনি বলেন, “অনেক সময় তাৎক্ষণিক চিৎকার-চেঁচামেচি সমাধানের পথকে আরও কঠিন করে তোলে। আমরা সবসময় পরিস্থিতির সমাধান বের করার চেষ্টা করি।”

বিশ্বকাপকে ঘিরে উদ্বেগের আরেকটি বড় বিষয় ইরান দলের অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে ইরান দল তাদের প্রস্তুতি ক্যাম্প সরিয়ে নিয়েছে মেক্সিকোয়। পরিকল্পনা অনুযায়ী, ম্যাচ খেলতে তারা যুক্তরাষ্ট্রে গিয়ে আবার ফিরে যাবে তিহুয়ানায়।

এ নিয়ে ফিফার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠলেও ইনফান্তিনো দাবি করেছেন, অংশগ্রহণকারী দেশগুলোর পাশে থেকেই কাজ করছে ফিফা।

তিনি বলেন, “আমি এটা বোঝাতে চাইনি যে আমরা হাত গুটিয়ে বসে আছি। বরং সবাই আমাদের ওপর আস্থা রাখতে পারেন যে, আমরা নেপথ্যে থেকে কাজ করছি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। কিছু তথ্য আমরা পাই, কিছু পাই না। তবে সবসময় ইতিবাচক সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

অনেক তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। মাঠে নেমে স্টার্ক-কামিন্সদের অভাব হাড়েহাড়ে টের পাচ্ছে অজিরা। মিরপুরে টাইগারদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ