বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন, কেপ ভার্দের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে খেলার জন্য প্রস্তুত থাকবেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে জানান, ইয়ামালসহ নিকো উইলিয়ামস এবং ভিক্তর মুনোজ নিজেদের পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি করছেন।
ক্লাব মৌসুমের শেষদিকে চোটে পড়েছিলেন এই তিন ফুটবলার। সে কারণে তারা মেক্সিকোয় পেরুর বিপক্ষে ম্যাচ খেলতে যাননি। পরিবর্তে যুক্তরাষ্ট্রে স্পেন দলের বিশ্বকাপ ক্যাম্পে থেকেই পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন।
দে লা ফুয়েন্তে বলেন, “তিনজনই পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকার কথা। তারা পুনর্বাসনে ভালো অগ্রগতি করছে এবং নিজেদের খুব ভালো অনুভব করছে।”
এর আগে দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে জানিয়েছিল, হ্যামস্ট্রিং চোটের কারণে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচ মিস করতে পারেন ইয়ামাল। তবে কোচের বক্তব্যে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে।
আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রের আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। একই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

