ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই তা প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একইসঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার (০৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধনকালে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক জানান, সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু নির্মূলে সরকারের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার ভাষায়, এই কার্যক্রমে ৫০ শতাংশ দায়িত্ব সিটি করপোরেশনের এবং বাকি ৫০ শতাংশ জনগণের।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুই মাস আগেই ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে কাজ করছে।
আবর্জনা ব্যবস্থাপনা নিয়েও তিনি মন্তব্য করেন। তার মতে, রাতের বেলায় শহরে আবর্জনা কম দেখা গেলেও দিনের বিভিন্ন সময়ে বর্জ্য ফেলার কারণে রাস্তায় ময়লা জমে যায়। এ বিষয়ে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশন ২৪ ঘণ্টা বর্জ্য সংগ্রহের চেষ্টা করলেও নাগরিক সহযোগিতা ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব নয়। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

