spot_img

ঈদুল আজহা বয়ে আনুক শান্তি ও অশেষ কল্যাণ: রাষ্ট্রপতি

অবশ্যই পরুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার (২৭ মে) দেওয়া এক বাণীতে তিনি আশা প্রকাশ করে বলেন, পবিত্র এই উৎসব সমগ্র বিশ্বে শান্তি, স্থিতি, সম্প্রীতি ও অশেষ কল্যাণ বয়ে আনুক।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে কোরবানির আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা কেবল মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবই নয়; এটি মূলত আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং মনের ভেতর লুকিয়ে থাকা পশুত্ব ও হিংসা-বিদ্বেষকে কোরবানি করার এক মহিমান্বিত আহ্বান। আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের অনুপম মহিমায় ভাস্বর হয়ে এই উৎসব আবারও আমাদের মাঝে সমাগত হয়েছে।

হযরত ইবরাহিম (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের স্মৃতি চারণ করে রাষ্ট্রপ্রধান বলেন, মহান আল্লাহর নির্দেশ পালনে নিজের প্রিয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে প্রস্তুত হয়ে তিনি ধৈর্য, বিশ্বাস ও ত্যাগের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ। এই মহান ইতিহাস আমাদের আল্লাহর প্রতি ভক্তি ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, কোরবানির পশুর মাংস আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গরিব মানুষের মধ্যে সুষম বণ্টনের মাধ্যমে সমাজে সহমর্মিতা, অংশীদারিত্ব ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। এটি প্রান্তিক মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বড় ভূমিকা রাখে। পবিত্র এই উৎসবের সময়ে নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়া এবং দ্রুত বর্জ্য অপসারণ করে চারপাশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে তিনি দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

ঈদুল আজহার মূল শিক্ষাকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিভেদ নয় সম্প্রীতি, হিংসা নয় সৌহার্দ্য এবং স্বার্থপরতা নয় উদারতার চেতনা লালন করতে হবে। এই আদর্শকে বুকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে।

বাণীতে তিনি দেশ ও জাতির ওপর মহান আল্লাহর অশেষ রহমত কামনা করেন এবং সবার কোরবানি যেন কবুল হয় সেই প্রার্থনা জানান।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই যুক্ত হলে সৃষ্টি হবে ৫০-৬০ হাজার কর্মসংস্থান: ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে সংগীত, নৃত্যকলা, চারুকলা,...

এই বিভাগের অন্যান্য সংবাদ