জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন বলে মন্তব্য করেছে বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন। ভ্যাকসিন না দিলে সুস্থ হবেন না। হয় কুকুর তাকে কামড়িয়েছে, না হলে তিনি কুকুরকে কামড়িয়েছেন। খ্যাপা কুত্তা হয়ে গেছেন। মানুষ রুপি জানোয়ারে পরিণত হয়েছেন। কোনো মানুষ এ রকম আচারণ করতে পারে না।
বুধবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাশেদ খাঁন।
রাশেদ খান বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের জন্য কি না করছেন। তিনি জীবনের ঝুঁকি নিয়েছেন। তার যে সামাজিক কর্মকাণ্ড নিয়ে পরিকল্পনা- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। এই মানুষটিকে বিতর্কিত করার জন্য রাজনৈতিক ফাঁপড়বাজ নাসীরুদ্দীন পাটওয়ারী নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। যিনি সম্মান নিতে পারেন না, তাকে কি সম্মানিত ভাষায় কথা বলা যায়? বলা যায় না।
রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর জামায়াত ও শিবিরের ব্যাপক ক্ষোভ রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘এ্যানি ভাই (পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী) কোরবানি দিচ্ছেন, সেই প্রশ্ন করছেন। কিন্তু আপনারা রূপায়ণে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সেই টাকা কোথায় পাচ্ছেন? নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে ঘুরে বেড়ায়। সঙ্গে প্রটোকল নিয়ে যায়। সেই টাকা কোথায় পায়? সারজিস আলম, নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়?’
এনসিপি নেতাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই। এ চুক্তি এনসিপি করিয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না।’
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান, উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান, এস এম সামছুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

