ইরানে আরেক দফা হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান।
শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নতুন করে বড় ধরনের হামলার আশঙ্কা দেখা যাচ্ছে। তবে চলমান যুদ্ধে ইতোমধ্যেই যথেষ্ট ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষকরে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করে পিয়ার্স মরগান বলেন, ইরানের ওপর নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বলেন, এরমধ্যে নতুন করে আরও বিশৃঙ্খলা তৈরি করা উচিত হবে না।
এদিকে, ইরানের অধিকার মেনে নেওয়া ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে অন্য কোনো পথ নেই বলে দাবি করেছে তেহরান। শনিবার (২৩ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এমন মন্তব্য করেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে তালাই-নিক বলেন, ইরানের দাবি অস্বীকার করলে তা ট্রাম্পের জন্য আরও ব্যর্থতা ডেকে আনবে।

