সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল আজহা নির্বিঘ্ন করতে বিভিন্ন বাস টার্মিনাল ও সড়ক পথে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হচ্ছে। ঈদুল ফিরতে সারা দেশে ২৫টি মোবাইল কোর্ট থাকলেও এবারের ঈদুল আজহায় থাকবে ৬৯ টি মোবাইল কোর্ট জানান তিনি।
রোববার (১৭ মে) দুপুরে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক রাজবাড়ী জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী।
তিনি আরও বলেন, টার্মিনাল থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া গ্রহণের কোনো সুযোগ নেই। তবে মহাসড়কের মাঝ থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে উঠতে তখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সেটি প্রতিরোধ করা কঠিন হয়ে যায়।
দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাসডুবির ঘটনায় পরিবহনের ত্রুটি ও চালকের গাফিলতি ছিল বলে জানান-সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত ২৪ জনসহ জেলায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬২ টি পরিবারের মধ্যে ২ কোটি ৫৯ লাখ টাকার চেক হস্তান্তর করেন মন্ত্রী।

