আমলাতান্ত্রিক জটিলতায় দেশ গঠনে কৃষকদের কণ্ঠস্বর উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, পুঁজিবাদ ও আমলাতান্ত্রিক জটিলতায় দেশ গঠনে কৃষক-চাষীদের কণ্ঠস্বর উপেক্ষিত হচ্ছে। হাওড় সংশ্লিষ্ট নীতি নির্ধারণে আমলারা জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন না।
রোববার ডেপুটি স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করে আমলারা অন্যায় করেছেন। আমলারা সরজমিনে না গিয়ে স্কুলঘরে বসে সুবিধাভোগীদের ভুয়া তালিকা তৈরি করেন।
হাওড়ের প্রকৃত সমস্যা ও কারণ নির্ধারণে একটি ‘স্পেশাল টাস্ক ফোর্স’ গঠনের দাবি জানান ডেপুটি স্পিকার।
কায়সার কামাল বলেন, মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা বা লিজ দিয়ে হাওড় ধ্বংসের নৈরাজ্য চলছে। হাওড়ের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির চেয়ে তিনগুণ বেশি। ভুয়া নাম অন্তর্ভুক্তিরও অভিযোগ তোলেন তিনি।

