আগামী বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা তারকা মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে বাদ দিয়েই এই দল গঠন করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
মাস দেড়েক আগে ফ্রান্সের সবশেষ আন্তর্জাতিক ম্যাচেও কামাভিঙ্গা মাঠে ছিলেন। তবে সবশেষ মৌসুমে একাধিক চোটের কারণে খুব বেশি ম্যাচ খেলতে না পারায় তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি দেশম। ফ্রান্সের হয়ে ২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের হয়ে গত দুই মৌসুমে মাত্র ৭৬টি ম্যাচে অংশ নিতে পেরেছিলেন।
কামাভিঙ্গা ছাড়াও দলে জায়গা পাননি গত বিশ্বকাপের ফাইনাল খেলা ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ানি। এছাড়া ক্রিস্তোফা এনকুনকু, কিংসলে কোমান এবং উগো একিটিকের মতো তারকা ফুটবলারদেরও এবারের বিশ্বকাপের দল থেকে বাদ দিয়েছেন কোচ দিদিয়ের দেশম।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘আই’ গ্রুপে খেলবে ফ্রান্স। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর ২২ জুন পরের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ইরাক। গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী ২৬ জুন নরওয়ের মুখোমুখি হবেন এমবাপ্পেরা।
২০২৬ বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড:
গোলরক্ষক: মাইক মাইনিয়ঁ, ব্রিস সাম্বা, রবিন রিসার। রক্ষণভাগ: লুকা দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো। মিডফিল্ডার: এনগোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি ও ওয়ারেন জায়ারে-এমেরি। আক্রমণভাগ: ম্যাগনেস আকালিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, জ্যঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কোস থুরাম।

